স্মার্টফোনের দুনিয়ায় গুগলের অ্যান্ড্রয়েড ওএস আধিপত্য করছে। যুক্তরাষ্ট্রের চাপে থাকা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবারে স্মার্টফোন অপারেটিং সিস্টেমের দুনিয়ায় নাড়া দেওয়ার পরিকল্পনা করেছে।
মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া হুয়াওয়ে তাদের স্মার্টফোনে গুগলের সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছে না। তাই তারা গত বছরেই হারমনি ওএসের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেয়।
এখন হুয়াওয়ে কর্তৃপক্ষ বলছে, তারা প্রস্তুত। আগামী বছরই হারমনি ওএস চালিত স্মার্টফোন বাজারে আসতে পারে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, গত বছর হারমনি ওএস উদ্বোধন করা হলেও শুরুতে এটি স্মার্টফোন ব্যবহারের পরিকল্পনা ছিল না। তবে এরপর থেকে মার্কিন চাপে পড়ে হুয়াওয়ে তাদের অপারেটিং সিস্টেমে ব্যাপক পরিবর্তন এনেছে।
এ পরিবর্তন শুধু কোডে নয়। হুয়াওয়ে তাদের পরিকল্পনাতেও ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে।
গতকাল বৃহস্পতিবার চীনে এক অনুষ্ঠানে হারমনি ওএসের পরবর্তী প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে চীনা প্রতিষ্ঠানটি। তারা বলছে, স্মার্টফোনের দুনিয়ায় নতুন ওএস হিসেবে হারমনিকে প্রস্তুত করা হয়েছে।






