কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে চামড়া ব্যবসায়ীরা। এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ টাকায় কিনবেন ট্যানারি ব্যবসায়ীরা। ঢাকার বাইরে এর দাম হবে ৪০ টাকা। এছাড়া সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ টাকা এবং বকরির চামড়া ১৫ টাকা দরে সংগ্রহ করবেন তারা। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই দাম ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন মাহমুদ মাহিন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন হয়েছে। এছাড়া গতবারের কেনা চামড়ার ৩০ শতাংশ এখনও মজুদ রয়ে গেছে। সব কিছু মিলিয়ে এবারের দাম নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় কিনেছিলেন। লবণযুক্ত মহিষের চামড়ার দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। আর সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ থেকে ২২ টাকা। বকরির চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা।






