ব্যবসায়ীরা এখন ঘরে বসেই আমদানি ও রপ্তানি সনদ নিতে পারবেন। দিনে দিনেই তাঁরা এ সনদ পেয়ে যাবেন। কাজটি হবে অনলাইন লাইসেন্স মডিউল (ওএলএম) নামের সফটওয়্যারের মাধ্যমে। আর সেবাটি চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে আজ বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে নিবন্ধন সনদ নবায়ন মেলার উদ্বোধনকালে এসব কথা জানান। বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম ও প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর এ সময় উপস্থিত ছিলেন। সাত দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৩ জুলাই।






