সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ ও শেখ লুতফর রহমানের সুরারোপিত গণসংগীত ভাষার লড়াই, মুক্তিযুদ্ধ কিংবা মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে জনতাকে উদ্দীপ্ত করেছে। স্বদেশকে ভালোবাসা সেই দুই কালজয়ী শিল্পীকে স্মরণ করা হলো আজ সোমবার। শ্রদ্ধাঞ্জলি জানানো হলো তাঁদেরই সুরের ধারায়। শেষ আষাঢ়ের সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দুই শিল্পীকে নিবেদিত অনুষ্ঠানটির আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ।
দুই পর্বে বিভক্ত ছিল স্মরণের এ আয়োজন। প্রথম পর্বে দেশের সংস্কৃতি সংগ্রামে আলতাফ মাহমুদ ও শেখ লুতফর রহমানের অনন্য ভূমিকার কথা উঠে আসে বিশিষ্টজনদের আলাপনে। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় শিল্পীদ্বয়ের সুরারোপিত গণসংগীত। আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও অভিনয়শিল্পী শিমূল ইউসুফ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ফকির আলমগীর। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।






