এইচএসসির ফলাফলের ভিত্তিতে ১০ হাজার ৫০১ শিক্ষার্থী এবার সরকারের বৃত্তি

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। পাবলিক এ পরীক্ষার সেই ফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এইচএসসির ফলাফলের ভিত্তিতে ১০ হাজার ৫০১ শিক্ষার্থী এবার সরকারের বৃত্তি পাচ্ছেন। শিক্ষার্থীরা মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাবেন।

২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে বলে গতকাল শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

১০ হাজার ৫০১ জন বৃত্তি পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী পেয়েছেন সাধারণ বৃত্তি। ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি উত্তীর্ণদের মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ডভিত্তিক কোটা বণ্টন করেছে মাউশি। ২২ এপ্রিলের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে বলা হয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বোর্ডগুলোয় পাঠানো এক আদেশে এসব তথ্য জানা গেছে।