করোনার টিকা গ্রহণের পর মোটামুটি ভালো সুরক্ষা পাওয়া যায়, এটাই সাধারণভাবে আমরা জেনে এসেছি। কিন্তু কিছু ক্ষেত্রে টিকা গ্রহণের পরও করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এমনকি দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। একে বলা হচ্ছে ‘ব্রেক থ্রু’। অর্থাৎ যেটা হওয়ার কথা নয়, সেটাই ঘটছে। এ ধরনের ঘটনা খুব কম, কিন্তু মানুষের মনে টিকার প্রতি আস্থা কিছুটা ধাক্কা খাচ্ছে।
‘দক্ষিণ আফ্রিকার রূপান্তরিত ভাইরাস’, ‘দুবার রূপান্তরিত ভাইরাস’, ‘টিকায় আটকায় না—এমন ভাইরাস’ বা জাপানের ‘ইইকে’ ভাইরাসের কথা বেশি আলোচিত হচ্ছে। মানুষ চিন্তিত।
অথচ ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, সবার টিকা নেওয়া দরকার, না হলে করোনা দূর করা যাবে না। বিশ্বের প্রতিটি দেশের অন্তত ৭০–৮০ ভাগ মানুষকে টিকা দিতে না পারলে ‘হার্ড ইমিউনিটি’ অর্জিত হবে না।
এখানেই মানুষের মনে একটা প্রশ্ন। টিকা নেওয়ার পরও যদি করোনায় আক্রান্ত হতে হয়, তাহলে সুরক্ষার আশা করা যায় কি? এ বিষয়ে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায় ১৫ এপ্রিল ২০২১, তারা পারকার পোপ একটি বিশ্লেষণমূলক নিবন্ধ লিখেছেন। তিনি লিখেছেন, এটা ঠিক যে বিভিন্ন রূপান্তরিত ভাইরাস দ্রুত ছড়ায় বা তীব্র সংক্রমণ ঘটায়। কিন্তু যাঁদের টিকা নেওয়া হয়নি, তাঁদের জন্য এই ভাইরাস বেশি ভয়ের। কারণ, তাঁদের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি থাকে না। ফলে সহজেই আক্রান্ত হন। ক্যালিফোর্নিয়ার লা জোলায় স্ক্রিপস রিসার্চের মলিকিউলার মেডিসিনের অধ্যাপক ড. এরিক টোপোল বলেছেন, দ্বিতীয়বার টিকা গ্রহণের দুই সপ্তাহ পর করোনার কোনো রূপান্তরিত ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।






