ইচ্ছাকৃত ঋণখেলাপি ও সুবোধ ঋণগ্রহীতা

বাংলাদেশের খেলাপি ঋণ নিয়ে যে পরিমাণ আলোচনা ও সমালোচনা হয় এবং হচ্ছে, অর্থনীতি ও ব্যাংকিংয়ের কোনো বিষয় নিয়ে এতখানি কখনোই হয় না। বিষয়টি এমনই দাঁড়িয়েছে, এই ক্রমাগত আলোচনা ও উদ্বেগ এত খোলামেলাভাবে প্রকাশিত যে আজকাল তা সাধারণ মানুষের গা-সওয়া হয়ে গেছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই সড়ক দুর্ঘটনায় অপমৃত্যুর মিছিল যে রকম সবার গা-সওয়া হয়ে গেছে, ব্যাপারটা তেমনই। অতিসম্প্রতি জাতীয় সংসদে দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির নামের তালিকা প্রকাশ করার পর বিষয়টি আবারও শীর্ষ খবরে পরিণত হয়েছে। ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নামগুলো অপরিচিত নয়, তাদের খেলাপি তথ্যও অজানা নয়, বরং তালিকায় অনেক নামের অনুপস্থিতি তাঁদের বিস্মিত করেছে।

খেলাপি ঋণের বিষয়টি ভিন্ন পরিপ্রেক্ষিতে আদালত পর্যন্ত গড়ানোর পর মানুষ জানতে পারে, দেশে ১০ হাজার ৪৭৬টি হিসাবের বিপরীতে নেওয়া খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮০ হাজার কোটি টাকা মামলা করে আটকে রাখা হয়েছে। অর্থাৎ এই পরিমাণ ঋণ খেলাপি, তবে আদালতের নির্দেশে আপাতত তাদের খেলাপি বলা যাবে না। তা ছাড়া, এর মধ্যে রয়েছে ৩০ হাজার কোটি টাকা অবলোপন করা ঋণ, যা ফেরত পাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। অবশ্য খেলাপিদের পক্ষাবলম্বনকারী কারও কারও মতে, বিশাল অঙ্কের এই খেলাপি ঋণের পরিমাণের বড় অংশই হচ্ছে আরোপিত সুদ। এই যুক্তির মাধ্যমে তাঁরা হয়তো বোঝাতে চান যে সুদ বা মুনাফার অংশ তো শোধ করতে হয় না, সুতরাং সেটা বাদ দিয়েই খেলাপি ঋণের হিসাব করা উচিত। কিন্তু ঋণের ওপর আদায় করা সুদ থেকেই যে আমানতকারীদের সুদ বা মুনাফা দেওয়া হয়, সেটি এই যুক্তির মধ্যে অনুপস্থিত।

LEAVE A REPLY