দেশে সরকার হয় এমপি হয়। নয়া নয়া রাজা হয়। অবৈধ বালুমহালের মালিক বদল হয়, হাট-ঘাটের নয়া ইজারাদার হয়, স্কুল-কলেজ কমিটির সভাপতি বদলায়, নয়া নয়া দেওয়ানি-মাতব্বর হয় আর জনগণের ওপর নিত্যনতুন জুলুম কায়েম হয়। কিন্তু ব্রহ্মপুত্রের বাণ্ডালের চরের মমেনা বেটির বেটি-জামাই আর ফেরে না, বেটি-নাতিপুতি নিয়া ঘাটে অপেক্ষার পালা শেষ হয়। বাঁশপাতা চরের কৃষক বাদশা মিয়ার চিলমারীর হাটে ২ মণ পাট দেড় মণ হয় ঠিকই। হাট খাজনা, ঘাট খাজনা বছর বছর বাড়তেই থাকে। কুড়িগ্রাম-রংপুর-লালমনিরহাটের রাস্তার মোড়ে মোড়ে অটো-রিকশা-জেএস এর টোল পৌরসভা, সিটি করপোরেশন ও সমিতিগুলোকে দিতে দিতে জনগণ অস্থির। বুকের বেদনা বুকে বলক দিয়া উঠে বুকে নিভে যায়।
ব্রহ্মপুত্রের ডান তীর ধরে কাইম এলাকায় বিশাল বিশাল বালুর পাহাড়। রাস্তায় ধুলা উড়িয়ে সেই বালু শত শত ট্রাকে জেলায় জেলায় চলে যায়, ড্রেজার মেশিনের ঘড় ঘড় শব্দে চর ভেঙে মুহূর্তে নাই হয়ে যায়, কৃষক জমি হারায়, মাছ-কাছিম-পাখি আবাস হারায়। এই লুটপাটে জড়িত এমপি প্রার্থীদের ভাই-ভাস্তে, কখনো এমপি নিজে। ২০০৯ সালের এমপি তো নির্বাচনে জিতে এসেই চিলমারীর ব্যাঙমারা ঘাটের কিনারেই ড্রেজার বসালেন, আর সেই বছরের বর্ষাতেই কয়েক কিলোমিটার এলাকার কয়েকটি গ্রাম নিমেষেই ব্রহ্মপুত্রের পেটে চলে গেল। তারপর শুরু ড্রেজারে বালু তোলার উৎসব। এখন শুধু চিলমারীতেই ৩০টি ড্রেজারে বালু তোলা হয়। হেন পুকুর-নালা নাই বালু দিয়ে ভরাট হচ্ছে না। চিলমারীর বাতাসে এখন শুধু বালু আর বালু। স্বাস্থ্যকর স্থান কুড়িগ্রাম এখন বালুময়। অন্যদিকে তেলের দাম বাড়ুক না বাড়ুক, ছয় মাস অন্তর নৌকা ভাড়া বাড়বেই চিলমারী-রৌমারী রুটে। চিলমারী বন্দর চালু হলে ফেরিতে যাতায়াত করতে পারতেন গরিব মানুষেরা, কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান মামলা দিয়ে আটকে রেখেছেন বন্দরের কাজ। হাজার বছর পর জাতিসংঘ এসে যেমন স্বীকার করে মানুষেরও অধিকার আছে, উল্টা দেশের মানুষ বোঝে প্রকৃতির দান নতুন নতুন সরকারগুলো কেড়ে নেয়। এমনকি আগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারত, এখন অনুমতি লাগে। গত বছর নভেম্বরে গণকমিটি কুড়িগ্রামে দারিদ্র্যের অভিশাপ নিয়ে সমাবেশ করতে চেয়েছিল, এ বছর কুড়িগ্রামে ফুলবাড়ী দিবস নিয়ে আনু মুহাম্মদকে সভা করতে দেওয়া হয়নি। এত দিনে জনগণ বুঝলেন, সংবিধানে বাক্-সভা-সমাবেশের অধিকার নিরঙ্কুশ নহে—আইনের অধীন। আইনের শাসনে ওরা মোদের মুখের ভাষা কাইড়া নিতে চায় আর রংপুরে এরশাদ জনগণের ভোট নিয়া খেলে! কোনো প্রার্থীই ভবিষ্যতের আইনপ্রণেতা হিসেবে আইন নিয়ে আলোচনা করেন না, যেন তাঁরা স্থানীয় সরকারের বড় তরফের প্রতিনিধি ছাড়া কিছু নন।






