আমেরিকাপ্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট অফিসের ভেতরে কারা কীভাবে হত্যা করেছিল, মার্কিন গোয়েন্দারা তার আদ্যোপান্ত জেনে নিয়েছিলেন। গোয়েন্দাদের গোপন নথি প্রকাশ করার দাবিতে আমেরিকায় অনেক লেখালেখি হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যত দিন প্রেসিডেন্ট ছিলেন, তত দিন সেই গোয়েন্দা নথি প্রকাশ করতে দেননি। নাছোড়বান্দা সাংবাদিকদের জিজ্ঞাসায় জেরবার ট্রাম্প অবিরাম ‘গাঁইগুঁই’ করে গেছেন; কখনোই স্পষ্ট করে বলেননি তাঁর গোয়েন্দারা খাসোগির হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের ভূমিকা সম্পর্কে তাঁকে কী জানিয়েছেন।
জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এক মাস পরেই তাঁর প্রশাসন খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করল। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ‘অফিস অব দ্য ডিরেক্টরেট অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ তিন পৃষ্ঠার এক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, সেই প্রতিবেদন তৈরি করা হয়েছে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি, অর্থাৎ নতুন বাইডেন প্রশাসনের সময়েই।
এর মানে কি এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে মার্কিন গোয়েন্দারা জামাল খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে কোনো প্রতিবেদন তৈরি করেননি?
আমাদের তা মনে হয় না। বরং আমাদের বিশ্বাস, প্রেসিডেন্ট বাইডেন তাঁর নির্বাচনী প্রচারণাকালের প্রতিশ্রুতি রক্ষা করতে খাসোগি হত্যাকাণ্ডে সৌদি সরকারের ভূমিকা সম্পর্কে যে গোয়েন্দা প্রতিবেদনটি ২৫ ফেব্রুয়ারি ‘ডিক্লাসিফাই’ (প্রকাশ) করেছেন, সেটা এটা নতুন প্রতিবেদন। এটা তাঁদের তৈরি করার প্রয়োজন হয়েছে সৌদি আরবের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক বজায় রাখার কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে। সম্ভবত ট্রাম্পের আমলে তৈরি গোয়েন্দা প্রতিবেদন বা নথিপত্র বাইডেন প্রশাসনের সেই কৌশলের পক্ষে জুতসই নয়।
বাইডেন প্রশাসনের উন্মোচিত গোয়েন্দা প্রতিবেদন, যার শিরোনাম ‘অ্যাসেসিং দ্য সৌদি গভর্নমেন্টস রোল ইন দ্য কিলিং অব জামাল খাসোগি’ (জামাল খাসোগির হত্যাকাণ্ডে সৌদি সরকারের ভূমিকার মূল্যায়ন), এমন সংক্ষিপ্ত যে আমেরিকান সংবাদমাধ্যমে কেউ কেউ এতে বিস্ময় প্রকাশ করেছেন। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে অ্যাসিড দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যেসব বিবরণ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনটিতে সেসবের উল্লেখমাত্র নেই। শুধু তাই নয়, প্রতিবেদনের একদম শেষে বলা হয়েছে, ‘খাসোগির বিরুদ্ধে পরিচালিত অভিযানটিতে তাঁর মৃত্যু ঘটবে—এটা এই ব্যক্তিরা আগে থেকে জানতেন কি না তা আমাদের জানা নেই।’
মার্কিন গোয়েন্দাদের এ মন্তব্য থেকে মনে হয়, খাসোগিকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে—এটা তাঁরা বলতে চান না। এটা নিঃসন্দেহে দায়সারা অবস্থান; এভাবে ওই নৃশংস অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের অপরাধকে লঘু দৃষ্টিতে দেখার অবকাশ সৃষ্টি হয়।
তবে এসব সত্ত্বেও গোয়েন্দা প্রতিবেদনটিতে যেটুকুই বলা হয়েছে, সৌদি যুবরাজকে সম্পূর্ণভাবে দায়ী করার জন্য সেটাই যথেষ্ট। প্রতিবেদনে বলা হয়েছে:
‘আমাদের মূল্যায়নে দেখা যাচ্ছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে আটক বা হত্যা করার উদ্দেশ্যে পরিচালিত একটি অভিযান অনুমোদন করেছিলেন। আমাদের এ মূল্যায়নের ভিত্তি হলো, ২০১৭ সাল থেকে সৌদি রাজতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবরাজ সালমানের নিয়ন্ত্রণ, ইস্তাম্বুলের অভিযানে তাঁর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও তাঁর নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা এবং খাসোগিসহ বিদেশে সৌদি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ রুদ্ধ করতে সহিংস পন্থার প্রতি যুবরাজের সমর্থন।
‘২০১৭ সাল থেকে যুবরাজ সালমান সৌদি রাজতন্ত্রের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ভোগ করে আসছেন, সুতরাং তাঁর অনুমোদন ছাড়া সৌদি কর্মকর্তারা এই মাত্রার কোনো অভিযান পরিচালনা করেছেন—এমন সম্ভাবনা খুবই কম।






