বিশ্বব্যাংকের করা সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ

অর্থনৈতিক কার্যক্রমে নারী ও পুরুষের সমান অংশগ্রহণে বিশ্বব্যাংকের করা সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২১ ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৯০টি দেশে আটটি সূচকের আলোকে ৩৫টি প্রশ্নের ভিত্তিতে এই সূচক প্রণয়ন করা হয়। মোট নম্বর ছিল ১০০। এই ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪৯ দশমিক ৪। অর্থাৎ পুরুষের তুলনায় নারীরা গড়ে অর্ধেকেরও কম সুবিধা পাচ্ছেন। গত বছরের প্রতিবেদনেও বাংলাদেশ এই মানে ছিল।

এবারের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থান নেপালের। ১০০ নম্বরের মধ্যে নেপাল পেয়েছে ৮০ দশমিক ৬। গত বছর নেপালের নম্বর ছিল ৭৩ দশমিক ৮। এ বছর নেপালের পরেই রয়েছে ভারত। গত বছরের মতো এবারও ভারতের নম্বর ৭৪ দশমিক ৪। সূচকে তার পরেই ৭৩ দশমিক ৮ পয়েন্ট নিয়ে আছে মালদ্বীপ। ভুটান ৭১ দশমিক ৯, শ্রীলঙ্কার ৬৫ দশমিক ৬ আর পাকিস্তান রয়েছে ৫৫ দশমিক ৬ পয়েন্টে। গত বছর পাকিস্তানের পয়েন্ট ছিল ৪৯ দশমিক ৪। এ বছর অনেকটাই সমতা এনেছে পাকিস্তান। এই অঞ্চলে শুধু আফগানিস্তানের (৩৮.১) ওপরে রয়েছে বাংলাদেশ।

চলাচলের স্বাধীনতা, কর্মক্ষেত্রের সমতা, মজুরি, বিবাহ, পিতৃত্ব-মাতৃত্ব, উদ্যোগ, সম্পদ ও পেনশন—এই আট সূচকের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি সূচকের সর্বোচ্চ নম্বর ১০০। এরপর তা গড় করা হয়েছে।