অনলাইন ক্লাস ফলপ্রসূ হচ্ছে না

করোনা সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের পর অনলাইন ক্লাস শুরু হলে বেশ আগ্রহ নিয়েই ক্লাস করছিলেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. ইসরাফিল। তবে ক্লাস ‘আকর্ষণীয় না হওয়া’ এবং উপস্থিতির বাধ্যবাধকতা না থাকায় কিছুদিন যেতেই তিনি ক্লাস করা বন্ধ করে দেন।

ইসরাফিল বলেন, অনলাইন ক্লাসের এমন হালের মধ্যেই নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। তবে আগের সেমিস্টারে কোনো পরীক্ষা হয়নি। বিগত সেমিস্টারের মূল্যায়ন কীভাবে হবে, সে সম্পর্কে তাঁরা কিছু জানেন না।

বিশ্ববিদ্যালয়টির অন্তত ৫০ জন শিক্ষার্থী অনলাইন ক্লাস নিয়ে কমবেশি এমন অভিজ্ঞতার কথা বলেছেন। এই শিক্ষার্থীরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেক শিক্ষার্থীর পরিবারের অর্থনৈতিক অবস্থা দুর্বল। কারও ইন্টারনেট প্যাকেজ কেনার সামর্থ্য নেই, কারও আবার অনলাইন ক্লাসে অংশ নেওয়ার মতো ডিভাইস নেই। দেশের সব এলাকায় ইন্টারনেটের গতিও ভালো নয়। সেখানকার শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে যথাযথভাবে অংশ নিতে পারেন না। ফলে দিন দিন অনলাইন ক্লাসে শিক্ষার্থী কমছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে জরিপ করা হয়। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ (প্রায় ৬৭ শতাংশ) বলেছেন, অনলাইন ক্লাস ফলপ্রসূ হচ্ছে না। তাঁরা ১০টি অনুষদের বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট অনুষদ আছে ১৩টি।

করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর হলে থাকা শিক্ষার্থীরা বাসায় চলে যান। সেশনজট এড়াতে অনলাইন ক্লাস শুরু হয় গত বছরের ৭ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ৮৪টি বিভাগ ও ১২টি ইনস্টিটিউট। অধিকাংশ বিভাগ-ইনস্টিটিউটে অনলাইন ক্লাস চলছে৷