ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চাইলে ফেসবুকের সঙ্গে তথ্য ভাগ করে নিতে সম্মত হতে বাধ্য করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একটি পপ-আপ নোটিশ দিয়ে হোয়াটসঅ্যাপ সতর্ক করে বলছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে এই শর্ত হালনাগাদ গ্রহণ করতে হবে, তা না হলে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে হোয়াটসঅ্যাপের মালিক ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, ইউরোপের ও যুক্তরাজ্যের ব্যবহারকারীরা একই রকম তথ্য বিনিময়ের পরিবর্তন দেখতে পাবেন না। তবে তাঁদের এই শর্তে সম্মত হতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের প্রাইভেসি নিয়ন্ত্রকদের জন্য একে কেউ কেউ জয় হিসেবে দেখে স্বাগত জানাচ্ছেন।
হোয়াটসঅ্যাপ সতর্ক করে বলেছে, ৮ ফেব্রুয়ারির মধ্যেই উভয় অঞ্চলের ব্যবহারকারীদের পরিবর্তনের সঙ্গে সম্মত হতে হবে। তবেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।






