প্রথম ২০১৫ সালের ‘দম লাগা কে হাইশা’। এরপর একে একে ‘টয়লেট: এক প্রেমকথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ষাঁড় কি আঁখ’, ‘বালা’। এই নামগুলোই তো ৩০ বছর বয়সী ভূমি পেড়নেকরের পরিচয়। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ভূমি পেড়নেকর, কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত ‘পতি পত্নী অর ওহ’ ছবিটি। সম্প্রতি এই বলিউড তারকা কথা বললেন ই-টাইমসের সঙ্গে।
ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর কাটিয়ে কী পেলেন? ভূমি পেড়নেকরের এক কথায় জবাব, ‘আত্মবিশ্বাস’। প্রতিটি ছবিতেই ভূমি পেড়নেকরকে দেখা গেছে বৈচিত্র্যময় সব চরিত্রে। ক্যারিয়ার শুরুই করেছেন ৮৯ কেজি ওজনের ছন্দা ভার্মার চরিত্র দিয়ে। ‘ষাঁড় কি আঁখ’ ছবিতে দেখা দিয়েছেন ৮৭ বছর বয়সী বৃদ্ধা চন্দ্র তোমারের ভূমিকায়।
এই চরিত্রগুলো সম্পর্কে ভূমির বক্তব্য, ‘আমার কাজই তো তাই। অন্য একজন হয়ে ওঠা। সেই অন্য একজন আমার থেকে যত আলাদা, অভিনয়শিল্পী হিসেবে আমি ততটাই প্রমাণিত। আমি কখনো ভাবিনি, লোকে কী ভাববে। আমি সেই চরিত্রগুলোই বেছে নিয়েছি, যেগুলো আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে।’ ভূমি আরও জানান, বলিউডে নারীরা যে এত বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পারছে, সেটা উদ্যাপন করার মতো একটি বিষয়।






