এবার ঈদের রাজনীতি তেমন জমেনি। ক্ষমতাসীন দলের দু-একজন নেতা ও মন্ত্রী ছাড়া সবাই নিশ্চুপ। আর বিরোধী দল তো নিজের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত। তবে কিছুটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন বিএনপির নেতা রুহুল কবীর রিজভী ঈদের দিন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে। এর আগে মন্ত্রী-মেয়ররাও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা মারা নিয়ে কামান দাগতে গিয়ে রীতিমতো নগরবাসীর ঘুম হারাম করেছিলেন।
ঈদের আগে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল ডেঙ্গু, সড়ক ও রেলওয়ের অব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা। আর ঈদের পর যোগ হয়েছে কোরবানির পশুর চামড়ার বাজারে ধস। সরকার চামড়ার দাম বেঁধে দিয়েছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ টাকা থেকে ৪০ টাকা। কিন্তু চামড়া বিক্রি হয়েছে অনেক কম দামে। এর ফলে চামড়া বিক্রির অর্থ যাদের পাওয়ার কথা অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে মৌসুমি ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ঈদের দিন পর্যন্ত মানুষ ডেঙ্গু নিয়ে ভীষণ আতঙ্কে ছিল। ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগটি ছড়িয়ে পড়েছিল। তবে ঈদের পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে প্রথম আলো খবর দিয়েছে, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে । গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১২০০ নতুন রোগী ভর্তি হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা যেমন কম হচ্ছে, সেই তুলনায় ছাড়পত্র নিয়ে বেশি মানুষ হাসপাতাল ছাড়ছে।






