এই মুহূর্তে ঢাকা শহরে অন্যতম জনপ্রিয় খাবারের জায়গার নাম জিজ্ঞাসা করা হলে শেফ’স টেবিলের নাম আসবে। ঢাকার জনপ্রিয় বিশেষায়িত বেশ কিছু রেস্তোরাঁর খাবারের স্বাদ একই ছাদের নিচে পাওয়া যায় গুলশান ও ধানমন্ডির শেফ’স টেবিলে। দেশি তেহারি থেকে শুরু করে শ্রীলঙ্কার খাবার, থাই, জাপানি, ইতালীয়—কী নেই এখানে। এটি ইউনিমার্টের একটি উদ্যোগ।
গত বছরের জুলাই মাসে গুলশানে প্রথম শেফ’স টেবিল তার যাত্রা শুরু করে। ভোজনরসিক ও খাদ্যপ্রেমিক মানুষের জন্য এটি আদর্শ জায়গা। গুলশানের শেফ’স টেবিলে ২৪টি রেস্তোরাঁ ও ৩টি খাবারের কার্ট আছে। আর ধানমন্ডিতে আছে ১২টি রেস্তোরাঁ ও ২টা কার্ট। গুলশানের শেফ’স টেবিলে গিয়ে আপনি যেমন থাই খাবারের জন্য পাবেন থাই এমারেল্ড। পুরোপুরি দেশি খাবারের স্বাদ পেতে চাইলে স্বাদ তেহারি ঘর আছে।






