নেত্রকোণার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর যুদ্ধাপরাধ মামলার রায় আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল রায়ের এই তারিখ ঠিক করে দেয়। সংবাদমাধ্যমকে এতথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট ও অগ্নি সংযোগ এবং হত্যার ছয় অভিযোগ রয়েছে এই দুই আসামির বিরুদ্ধে। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১০ জানুয়ারি ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে। জানুয়ারির শুরু থেকে চার দিন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী। আসামি পক্ষে ছিলেন আব্দুস সোবাহান তরফদার ও গাজি এম এইচ তামিম।






