রেশমের রাজ্যে

সিল্কের শাড়িতে করা যায় সব ধরনের কাজ। তবে সব সিল্কে সব ধরনের কাজ হয় না, এমনই জানালেন রাজশাহীর সপুরা সিল্কের ব্যবস্থাপক সাইদুর রহমান। সুতার ব্যবহারের বিষয়টাও বেশ জটিল। নানা ধরনের সিল্ক এখন তৈরি হচ্ছে এ দেশে। এর মধ্যে মসলিন, সফট সিল্ক, বলাকা, ডুপিয়ান, অ্যান্ডি উল্লেখযোগ্য। সিল্কের রাজ্যে বলাকা সিল্ক শ্রেষ্ঠ। এ গ্রেড সুতা ব্যবহার করে বানানো হয় এই সিল্ক। এই সুতা দিয়ে কাতান শাড়িও তৈরি করা হয়। মসলিনের মধ্যেই আবার তিন থেকে চার ধরনের মান থাকে, যেগুলো ১/১, ২/২, ২/৩ সুতার মাধ্যমে বানানো হয়। সুতার এ রকম ভিন্নতা সফট সিল্কের মধ্যেও দেখা যায়। তবে সফট সিল্ক তৈরি করার সময় সুতার ওজন যত বেশি হবে, মানও তত ভালো হবে। সফট সিল্ক বানানোর সময় থানকে গরম পানির মধ্যে সেদ্ধ করে নরম করা হয়। মটকা ও ডুপিয়ান সিল্ক মোটা সুতার মাধ্যমে করা হয়, জানালেন সাইদুর রহমান। এ ধরনের সিল্কের ওপর সব ধরনের কাজই করা যায়।

LEAVE A REPLY