সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকার সাভারে সিঙ্গার ফ্যাক্টরিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ২০১৮ সালের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ফাতেহ কামাল সভায় সভাপতিত্ব করেন।
সভায় ফাতেহ কামাল বলেন, ‘আর্চেলিকের (কচ হোল্ডিংস, তুরস্ক) সাবসিডিয়ারি আর্ডাচ বিভি ৩ এপ্রিল রিটেইল হোল্ডিংস বিহোল্ড বিভিকে অধিগ্রহণ করে। অধিগ্রহণের পর আর্চেলিক কোম্পানিটির চূড়ান্ত স্বত্ব লাভ করেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশগুলোর অন্যতম। মধ্যম ও দীর্ঘ মেয়াদে এই প্রবৃদ্ধি আরও দ্রুততর হবে। আমরা আমাদের বৈশ্বিক অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানের সঙ্গে এই বাজারে সিঙ্গার বাংলাদেশের শক্তিশালী অবস্থান ও ব্র্যান্ডের ভাবমূর্তির সমন্বয়ে স্থানীয় বাজারের চাহিদা পূরণের জন্য পণ্য তৈরি করব। আমাদের মধ্যমেয়াদি লক্ষ্য হলো প্রধান পণ্য ক্যাটাগরিতে এই বাজারে শীর্ষস্থান অর্জন করা।’
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরও বলেন, ২০১৮ সাল ছিল কোম্পানির জন্য সাফল্যের বছর। এই বছরে বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরিতে রেকর্ড মাত্রায় বিক্রি হয়। ২০১৮ সালের বিক্রি ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৭ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। কর-পরবর্তী মুনাফা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২০ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং শেয়ারপ্রতি আয় ১২ টাকায় উন্নীত হয়েছে।






