পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জায়গা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। ইমরানকে তালিকাভুক্ত করা মার্কিন ওই সংবাদপত্রটির নাম ‘দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর’।
পাকিস্তানের জিয়ো নিউজের এক খবরে বলা হয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে ভূমিকার কারণেই মূলত নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় ইমরান খানকে জায়গা দেওয়া হয়েছে। ইমরানের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনকেও তালিকায় জায়গা দেওয়া হয়েছে। ওই তালিকায় আরও আছেন ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চুক্তি সম্পাদনে মূল ভূমিকা রাখা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ এবং ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো।






