পিনপতন নীরবতা। সবাই তাকিয়ে আছেন পর্দার দিকে। সামনে বসা দর্শকদের কেউ কেউ চোখের কোণে কী যেন মুছছেন। দেখা গেল, পর্দায় বাবা-মেয়ের আবেগঘন দৃশ্য দর্শককেও আক্রান্ত করেছে। তাহসান আর রাইসার কষ্টে দর্শকও একাত্ম। পর্দার ভেতরে তারকার কান্না ছুঁয়ে যায় আমন্ত্রিত অতিথি আর দর্শকদের। ‘যদি একদিন’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে আজ শনিবার এমনটাই দেখা গেল।
গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’। ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল সকালে কলকাতা থেকে ঢাকায় আসেন এই ছবির নায়িকা শ্রাবন্তী। ঢাকায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আজ ছবিটির বিশেষ প্রদর্শনীতে এসেছেন অনেকেই। তালিকায় তারকারা যেমন আছেন, তেমনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, শিল্পী-কলাকুশলীর পরিচিতজনেরাও এসে হাজির। নায়িকা শ্রাবন্তী যখন প্রেক্ষাগৃহে ঢুকলেন, তখন ছবি ত্রিশ মিনিট দেখা হয়ে গেছে। বিশেষ প্রদর্শনীতে আসা দর্শকেরা নির্ধারিত আসনে জায়গা না পেয়ে বসে পড়েন মেঝেতে। কেউ কেউ ফিরে গেলেও কষ্ট করে এসে কেউ ছবিটি না দেখে বাড়ি ফিরতে চাননি। এদের মধ্যে আবার কেউবা এসেছেন দ্বিতীয়বারের মতো ছবিটি দেখার লোভে। বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের এই গল্পের ছবি দেখে সাধারণ দর্শকের চোখ বেয়ে যেমন পানি পড়েছে, তেমনি আমন্ত্রিত হয়ে অভিনয়শিল্পী-পরিচালকেরাও কান্না থামাতে পারেননি।






