বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারকালে শুক্রবার দুপুরে ২০টি স্বর্ণের বার (২ কেজি ওজন) জব্দ করেছে কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় আটক করা হয়েছে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী সনজিত বার্মা ও নসিরুল হক নামে দুই যুবককে।
সনজিত দিল্লির উত্তমনগর এলাকার মহেন্দ্রা মান্দার ছেলে এবং নাসিরুল হক কলকাতার খিদিরপুর এলাকার নুরুল হকের ছেলে।
তারা জানান, ঢাকা থেকে ২০টি স্বর্ণের বার দিল্লির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বেনাপোল চেকপোস্টে আসার পর তারা শুল্ক গোয়েন্দা সদস্যদের হাতে আটক হন। প্রথমে সনজিত বার্মার জুতার তলা থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসা করা হলে কথাবার্তা সন্দেহজনক হওয়ায় দুজনকে একটি স্থানীয় ক্লিনিকে এক্স-রে করে কর্তৃপক্ষ।দুজনের পায়ুপথে ৮টি করে ১৬টি স্বর্ণের বার দেখা যায়। দীর্ঘ ২ঘণ্টা পর বিশেষ ব্যবস্থায় তাদের পায়ুপথ থেকে ১৬টি বার বের করা হয়।






