সিন্ডিকেটের খপ্পরে সারা দেশে সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় টাকা দিয়েও সঠিক সময়ে সার কিনতে পারছেন না কৃষক। আবার কোনো কোনো এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে ডিলাররা সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বীরগ্রাম গ্রামের কৃষক হাবিবুর রহমান আমার দেশকে বলেন, ১০ বিঘা জমিতে ধান লাগিয়েছি। কিন্তু বাজারে সব ধরনের সারের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। এরপরও কিনতে গিয়ে সার পাচ্ছি না।
একই উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের কৃষক ইমদাদুল হক জানান, বাজারে অতিরিক্ত দাম দিয়েও সার পাচ্ছেন না। টিএসপি সার প্রতি বস্তা সরকারি মূল্য ১৩৫০ টাকা হলেও বিভিন্ন এলাকায় ১৭০০ থেকে ১৮০০ টাকা নেওয়া হচ্ছে। এরপরও সময়মতো পাওয়া যাচ্ছে না। অন্য সব সারের দামও বেশি নেওয়া হচ্ছে।






