হুন্দাইয়ের কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জনকে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গাড়ি উৎপাদনকারী কোম্পানি হুন্দাইয়ের একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কোনো কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান বলা হচ্ছে এটিকে।

তিন হাজার একর জায়গাজুড়ে নির্মিত এই কারখানা থেকে আটককৃতদের বেশিরভাগই কোরিয়ান নাগরিক। যেখানে গত এক বছর ধরে কোরিয়ান এই কোম্পানিটি সেখানে বৈদ্যুতিক যানবাহন তৈরির কাজ করছিল।এই অভিযানের জন্য ‘উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া এবং নিজেদের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান জানাতে মার্কিন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, “বেআইনিভাবে কর্মসংস্থানের সুযোগ বন্ধ এবং অন্যান্য গুরুতর ফেডারেল অপরাধের” অভিযোগের কারণে এজেন্টরা একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করেছে।

আটলান্টায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট স্টিভ শ্রাংক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি এমন কোনো অভিবাসন অভিযান ছিল না যেখানে আমাদের এজেন্টরা ওই এলাকায় ঢুকে ঘেরাও করে লোকজনকে ধরে বাসে তুলে ফেলতো। বরং এটি বহু মাস ধরে চলমান একটি তদন্ত।”

“এই অপরাধের অনুসন্ধান চালানোর জন্য বিচার বিভাগীয় অনুমতি পেতে আমরা বহু মাস ধরে প্রমাণ সংগ্রহ করেছি, সাক্ষাৎকার নিয়েছি, নথি সংগ্রহ করেছি এবং সেই প্রমাণ উপস্থাপন করেছি,” শ্রাংক বলেন।

তিনি এটাও দাবি করেন, “কোনো একক সাইট হিসেবে হোমল্যান্ড সিকিউরিটির তদন্তের ইতিহাসে বৃহত্তম এক অভিযান ছিল” হুন্দাইয়ের কারখানায় চালানো এই অভিযান।