চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে গাজা দখলে নিয়ে এ অঞ্চলকে ‘গাজা রিভেরা’য় পরিণত করার প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের স্থানীয়ভাবে অন্যত্র সরে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি। ট্রাম্পের এমন পরিকল্পনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ নিয়ে তীব্র সমালোচনা হয়। ফিলিস্তিনি, আরব দেশ, জাতিসংঘ এবং অধিকার কর্মীরা একে স্পষ্টত ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছিল।দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র পাঁচ দিনের মাথায় গত ২৫ জানুয়ারি প্রথমবারের মতো ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, দীর্ঘ মেয়াদে মিসর এবং জর্ডান সরকারের উচিত গাজাবাসীকে গ্রহণ করা। আর এ নিয়ে জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, গাজা এখন আক্ষরিক অর্থেই একটি ধ্বংসস্তূপ। তাই গাজাবাসীকে অন্য আরব দেশের গ্রহণ করা উচিত যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।






