এবার মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিকটন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করেছে এমভি গোল্ডেন স্টার জাহাজ। ল্যাব টেস্ট ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার রাত থেকেই চাল খালাস শুরু করবে খাদ্য অধিদফতর। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্দর সূত্র জানায়, চালবাহী জাহাজটি বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে প্রবেশ করে। এরপর শুক্রবার সকালের জোয়ারে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেয়া হয় জেটিতে। সকাল ১০টার দিকে খাদ্য বিভাগের কর্মকর্তারা জাহাজটি বুঝে নিয়েছে। ইতিমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে যত দ্রুত সম্ভব খালাস প্রক্রিয়া শুরু হবে।






