স্কুলে পড়ার সময়ই অভিনয়ের প্রেমে পড়েন। কলেজে পড়ার সময় শুরু করেন অল্প পরিসরে মডেলিং। কিন্তু পরিবার চাইত, অভিনয় না করে চাকরি করুক মেয়ে। পরে কিছু কাজে জনপ্রিয়তা পেলে আর কেউ বাধা হতে পারেননি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করেন। তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় সালমানের খানের সঙ্গে ‘তেরে নাম’ সিনেমা। পাঠক হয়তো বুঝেছেন, বলছি ভারতের অভিনেত্রী ভূমিকা চাওলার কথা। আজ তাঁর জন্মদিন। মিড ডে, আইএমডিবি, হিন্দুস্তান টাইমস, উইকিপিডিয়া অবলম্বনে ভূমিকাকে নিয়ে জেনে নিতে পারেন জানা-অজানা কথাগুলো।
কীভাবে ক্যারিয়ার শুরু
তাঁর জন্ম পাঞ্জাবি পরিবারে। পড়াশোনা করেছেন দিল্লিতে। ভূমিকার জন্ম ১৯৭৮ সালের ২১ আগস্ট। তাঁর পারিবারিক ডাকনাম নাম রচনা। বাবা সেনাবাহিনীর চাকরি করতেন। যে কারণে বাসায় কড়া নিয়মের মধ্যে বড় হয়েছেন। বলা ভালো, নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হয়েছে, সেগুলোই তাঁর কাছে কড়া মনে হতো। এখান থেকে বের হয়ে অভিনয় করা সহজ কথা ছিল না। ১৯৯৭ সালে তিনি কাজের জন্য মুম্বাইতে চলে আসেন। শুরুতে নাম লেখান মিউজিক ভিডিওতে। ১৯৯৮ সালে ‘মাসুম তেরা চেহরা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় নাম লেখান। কিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে। প্রথম ২০০০ সালে তেলেগু সিনেমায় অভিনয় করেন। শুরু হয় পথচলা। হয়তো নিজেও জানতেন না তাঁর জীবনের গল্পটি হবে সিনেমার মতোই।
কেন বলিউড থেকে দূরে
‘তেরে নাম’ সিনেমা দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে বলিউড থেকে আবার ছিটকেও যান। এই অভিনেত্রীকে সবচেয়ে বেশি শুনতে হয় বলিউডে কেন শক্ত জায়গা করতে পারলেন না? এ প্রশ্নে তিনি প্রায়ই বলেন, ‘ক্যারিয়ারে কিছু ভুল ছিল। বিভিন্ন সময় অনেক বেশি কাজে ব্যস্ত থাকায় ও শিডিউল দেওয়া থাকায় ভালো কিছু সিনেমার চিত্রনাট্য হাতছাড়া করতে হয়েছে। যা ছিল আমার জন্য ভুল। পরে কিছু কাজ করলেও ব্যাটে–বলে মেলেনি।’
২০০৫ সালে ‘সিলসিলে’ সিনেমা নিয়ে আশা দেখলেও সেটা ব্যর্থ হয়। বাদ পড়েন ‘জাব ইউ মেট’ থেকে। সেই থেকে ক্যারিয়ারে ভাটা পড়ে ভূমিকার। বড় কোনো প্রোডাকশনে আর ডাক পাননি। আর সে অর্থে ফেরা হয়নি বলিউডে। সময়টা তাঁর জীবনের জন্য হতাশার ছিল।






