অলিম্পিক টেনিস এমন রুদ্ধশ্বাস ফাইনালে দেখেছে কি আগে? ১৯৮৮ সালে অলিম্পিকে টেনিসের প্রত্যাবর্তনের পর এমন নখ কামড়ানো উত্তেজনার ছেলেদের ফাইনাল যে হয়নি সেটি বলাই যায়। কী এক লড়াই–ই না উপহার দিলেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। টেনিসের বর্তমান ও ভবিষ্যৎ মিলে সোনার পদকের ম্যাচে অনেক দিন মনে রাখার মতো ‘সোনালি’ এক ম্যাচই খেললেন।
যেহেতু প্রতিযোগিতা, একজনকে তো জিততেই হতো। সেই জয়টি পেলেন জোকোভিচ। ৩৭ বছর বয়সে পঞ্চমবারের চেষ্টায় প্রথমবারের মতো অলিম্পিকের সোনা জিতলেন ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক। ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রোববারের ফাইনালটা জিতেছেন ৭–৬ (৭/৩), ৭–৬ (৭২/) গেমে।






