‘যেদিন একটা “অডি” গাড়ি কিনে ফেলব, সেদিনই বিয়ে করব। আমার সন্তানদের বলতে পারব, তোমার মা উপস্থাপনা করেছে, নায়িকা ছিল, গান গেয়েছে, নেচেছে আর অডি গাড়ি কিনে বিয়ে করেছে।’
প্রথম আলোকে কথাগুলো বলেছিলেন এই সময়ে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ শনিবার ফারিয়া তাঁর সেই স্বপ্নের ‘অডি’ গাড়িটি হাতে পেয়েছেন। বিয়েটা কখন করছেন, সে বিষয়ে কোনো কথা বলেননি আলোচিত এই নায়িকা।
রুপালি পর্দায় কাজ শুরুর আগে ফারিয়া অনুষ্ঠান উপস্থাপনা করতেন। গানের ভিডিওতে মডেলও হয়েছিলেন। একটা সময় চলচ্চিত্রে এসে থিতু হন। প্রথম ছবি ‘আশিকী’ দিয়ে বাজিমাত করেন। নানা কারণে এই ছবিটি ফারিয়াকে আলোচনায় এনে দেয়। এরপর বাংলাদেশ ও ভারতের কলকাতায় কয়েকটি ছবিতে অভিনয় করেন ফারিয়া। কিছুদিন আগে ‘পটাকা’ শিরোনামে একটা গানও গেয়েছেন তিনি। নিজের গাওয়া সেই গানের ভিডিওতে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। গানের ভিডিওর খবর দেওয়ার সময়ই ফারিয়া বলেছিলেন, বিয়ের খবর।






