ব্রিটেনের প্রত্যাশাতীত প্রবৃদ্ধি হয়েছে

বছরের শুরুতে প্রত্যাশাতীত প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাজ্যের আর তার বদৌলতে আনুষ্ঠানিকভাবে মন্দা থেকে বেরিয়ে গেছে দেশটি। দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।

মূলত সেবা খাতের ওপর ভর করে বছরের প্রথম প্রান্তিকে ব্রিটেনের প্রত্যাশাতীত প্রবৃদ্ধি হয়েছে। সেবা খাতের মধ্যে হোটেল-রেস্তোরাঁ, শিল্প ও বিনোদনের হাত ধরে এই প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া এবারের ইস্টার সানডে মার্চ মাসে পড়ায় অর্থনীতিতে গতি এসেছে বলে মনে করছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস)। গত বছর ইস্টার সানডে পড়েছিল এপ্রিল মাসে।