রুশ সেনাদের মুঠোফোন ব্যবহারের কারণে শত্রুপক্ষ হামলাটি চালাতে পেরেছে

রাশিয়া বলছে, ইউক্রেনের মাকিভকাতে নববর্ষের প্রথম প্রহরে তাদের একটি অস্থায়ী সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত রুশ সেনার সংখ্যা বেড়ে ৮৯-তে দাঁড়িয়েছে।

রুশ সেনাদের মুঠোফোন ব্যবহারের কারণে শত্রুপক্ষ হামলাটি চালাতে পেরেছে বলে মনে করছে মস্কো। যদিও সেনাদের ফোন ব্যবহারের অনুমতি ছিল না। দেশটি বলছে, এর মধ্য দিয়েই শত্রুপক্ষ রুশ সেনাদের অবস্থান শনাক্ত করতে পেরেছে। খবর বিবিসির।

১ জানুয়ারি (গত ৩১ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে) দোনেৎস্ক অঞ্চলের মাকিভকাতে ইউক্রেনীয় বাহিনী একটি কারিগরি কলেজের ওপর হামলা চালায়। কলেজটিকে রুশ সেনারা অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।

বুধবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় রেজিমেন্টের উপকমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিনও নিহত হয়েছেন। হামলার ঘটনাটি নিয়ে একটি কমিশন তদন্ত করছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।