সীমা লঙ্ঘন করেছেন মার্তিনেজ

মিলিয়ানো মার্তিনেজের উদ্‌যাপন ভালো লাগেনি নোয়েল লে গ্রায়েতের। ফ্রান্সের অনেকেরই তা ভালো লাগছে না। নিরপেক্ষ ফুটবলপ্রেমীদের অনেকে বিষয়টি মেনে নিতে পারছেন না। তবে এসব নিয়ে ভিন্ন মতও আছে। আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে। ‘সেরা গোলকিপার’–এর (গোল্ডেন গ্লাভস) পুরস্কার জিতে তাতে দারুণ অবদান রাখেন মার্তিনেজ। জয়ের পর ফাইনালে হ্যাটট্রিক করা ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মজা করেন আর্জেন্টাইন গোলকিপার।

অনেকেই মনে করেন মজা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছেন মার্তিনেজ। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি (এফএফএফ) নোয়েল লে গ্রায়েত এ নিয়ে অভিযোগ করে একটি চিঠি পাঠিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এফএফএ)। মার্তিনেজের উদ্‌যাপনকে ঠিক স্বাভাবিক বলে মনে করছেন না গ্রায়েত।