বড় ছেলে আরিয়ান এখন পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি সিনেমা নিয়ে পড়ছেন। এখন তাঁর ক্লাস ছুটি। এ সময় চলে এসেছেন মুম্বাইয়ে, মা-বাবার কাছে। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়েছেন শাহরুখ খান আর গৌরী খান। তাই ছেলের ছুটি উপভোগ করতে নিজেদের সব কাজ স্থগিত করেছেন।
জানা গেছে, এরই মধ্যে আরিয়ান, সুহানা আর আব্রামকে নিয়ে শাহরুখ খান ও গৌরী বেড়াতে গেছেন বার্সেলোনায়। সেখানে দুই ছেলের সঙ্গে শাহরুখ খানের একটি ছবি তুলেছেন গৌরী। ছবিতে দেখা যায়, আরিয়ান আর আব্রাম দুই ভাই নীল রঙের একই রকম জ্যাকেট পরেছে। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরী লিখেছেন, ‘একজন মায়ের জন্য সেরা উপহার। আমার ছেলেদের সঙ্গে বার্সেলোনায় সূর্যের তাপ উপভোগ করছি।’






