‘ভালোবাসার প্রজাপতি’তে সর্বশেষ ২০২০-এর জুনে কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। শেষ করতে আরও দুদিন শুটিং করতে হবে। তাঁর বাসায় গিয়ে ফিরে এসেছেন ছবির এক পরিচালক মাসুমা তানি। আরেক পরিচালক রাজু আলীম জানান, আর কিছুদিন অপেক্ষার পর অন্য উপায়ে ছবির শুটিং শেষ করবেন। পপির জন্য আর বসে থাকবেন না।
ছয় মাস আগে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবির শুটিং শেষ করেন পপি। পরিচালক সাদেক সিদ্দিকী জানান, ডাবিং না করেই হাওয়া। দীর্ঘদিন অপেক্ষার পর আরেকজনকে দিয়ে ডাবিং করাতে হয়েছে। ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। প্রচারণার জন্য এখন পপিকে দরকার। সাদেক সিদ্দিকী বলেন, ‘নায়িকা যদি টেলিভিশন, পত্রিকার সঙ্গে কথা বলতেন, নিজের ফেসবুকে প্রচার চালাতেন, ছবিটি সম্পর্কে মানুষ জানত। ছবিটি দেখার আগ্রহ তৈরি হতো।’






