আফগানিস্তানকে বাংলাদেশ সর্বশেষ হারিয়েছে ১৯৭৯ সালে। এরপর পাঁচটি ম্যাচ খেললেও জয়ের মুখ দেখা যায়নি। সর্বশেষ দুই ম্যাচের একটিতে হার ৪-০ গোলে ও অন্যটিতে ১-০ গোলে।
আজ দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়ে দেবে, এমন বাজি ধরার লোক ছিল না। ড্র করতে পারলেই যেন খুশি সবাই। জসিম বিন হামাদ স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে সে কাজটিই করে দেখিয়েছে জেমি ডের দল। ম্যাচের শেষ দিকে দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন তপু বর্মণ।ম্যাচ শেষে এই ড্রয়ে দলের ফুটবলারদেরই কৃতিত্ব দিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। জেমি বলেন, ‘দারুণ পারফরম্যান্স। এটি দলীয় প্রচেষ্টারই ফল। খেলোয়াড় ও দলের স্টাফদের ওপর আমি খুবই সন্তুষ্ট। তারা আজ রাতে ইতিহাস গড়েছে।’






