কোভিডের অভিঘাতে ২০২০ সালে ৩৫ ভাগ তৈরি পোশাকশ্রমিকের বেতন কমে যায়। বাজারে চাহিদা কমে যাওয়া, করোনার কারণে বাজার বন্ধ হয়ে যাওয়া, জাহাজীকরণে বিলম্ব, সময়মতো পণ্যের দাম না পাওয়াসহ বিবিধ কারণে এই খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে শ্রমিকদের ঝুঁকি বেড়ে যায়। অনেক ব্যবসা বন্ধ হয়ে যায়। অনেক ব্যবসা সংকুচিত হয়। চাকরি চলে যায় অনেকের। আবার যাঁদের চাকরি যায়নি, তাঁদের অনেকের উপার্জন কমে যায়।
কিন্তু উপার্জন কমলে তো আর ব্যয় কমে না। এই বাস্তবতায় তৈরি পোশাকশ্রমিকেরা বাধ্য হয়ে দেনায় জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে।
‘দ্য উইকেস্ট লিংক ইন গ্লোবাল সাপ্লাই চেইন: হাউ দ্য প্যানডেমিক ইজ অ্যাফেক্টিং বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার’ বা ‘বৈশ্বিক সরবরাহব্যবস্থার দুর্বলতম অংশীদার বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকেরা মহামারিতে কীভাবে আক্রান্ত হচ্ছেন’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।






