বড় বাঁচাই বেঁচে গেছেন তামিম ইকবাল। ব্যক্তিগত ২৯ রানে তাঁর জোরালো শট সিলি পয়েন্টে দাঁড়ানো ওসাদা ফার্নান্দোর বুটে লেগে উঠে গেলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার তা ক্যাচ বানাতে মোটেও বেগ পেতে হয়নি। কিন্তু প্রশ্নটা ছিল ফার্নান্দোর বুটে লাগার আগে বল মাটি ছুঁয়েছিল কিনা!
টিভি আম্পায়ার সময় নিলেন। বারবার দেখলেন। কিছুতেই নিশ্চিত হতে পারছিলেন না, বল সরাসরি বুট থেকে ডিকভেলার ক্যাচ হয়েছে, নাকি বুটে লাগার আগে তা মাটি স্পর্শ করে গেছে। মাঠের আম্পায়ারের ‘সফট সিগনাল’ কিন্তু তামিমের বিপক্ষেই ছিল। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ারের ‘মনের সন্দেহের উপকার’ পেলেন তামিম। টিকে গেলের উইকেটে। এরপর তিনি বের করে নিয়েছেন ফিফটি। এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৩। তামিম অপরাজিত আছেন ৭০ রানে। মুমিনুল ১২ রানে।






