ফাইজারের উদ্ভাবিত করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর

ফাইজারের উদ্ভাবিত করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ভালো সহনীয় বলেও দাবি করা হয়েছে।

শিশুদের শরীরে এই টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষার পর প্রাপ্ত ফলের ভিত্তিতে এ দাবি করা হয়েছে। টিকা উৎপাদনকারী মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক আজ বুধবার ওই ফল প্রকাশ করেছে।

সিএনএনের প্রতিবেদনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২৬০ জনের ওপর ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হয়েছে। তাদের শরীরে টিকার দুই ডোজ প্রয়োগ করেছে ফাইজার-বায়োএনটেক। দ্বিতীয় ডোজ প্রয়োগের এক মাস পর তাদের শরীরে কার্যকর অ্যান্টিবডির উপস্থিতি ছিল। এর আগে ১৬ থেকে ২৫ বছর বয়সীদের ওপর টিকাটির পরীক্ষা চালিয়ে একই রকম ফল পেয়েছে ফাইজার-বায়োএনটেক। এই পরীক্ষার আওতার বাইরে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৬ বছরের কম বয়সীদের ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার অনুমতি নেই।

গবেষণায় অংশ নেওয়া ২ হাজার ২৬০ জনের মধ্যে ১ হাজার ১৩১ জনকে ফাইজারের কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের কারও করোনা হয়নি। অন্যদিকে টিকার বদলে প্রতিক্রিয়াহীন তরল (প্লাসেবো) দেওয়া ১ হাজার ১২৯ জনের মধ্যে পরে ১৮ জনের করোনা শনাক্ত হয়।