লিওনেল মেসি লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে

লা লিগায় প্রথম ছয় ম্যাচে মাত্র ১ গোল, প্রথম ১৫ ম্যাচে ৭ গোল। খেলোয়াড়টির নাম যখন লিওনেল মেসি, পরিসংখ্যানটা যে একদমই বেমানান। গোল করাটাই তো বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকার জন্য সবচেয়ে সহজ কাজ। দলে নিজের ভূমিকা বদলের কারণেই কিনা সেই লিগের শুরুতে সেই সহজ কাজটা করা হচ্ছিল না সর্বকালের সেরাদের কাতারে নাম লেখানো মেসির।

কিন্তু কাল রাতে সেই মেসিই কিনা উঠে গেলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। এলচের বিপক্ষে জোড়া গোল করেই সাবেক সতীর্থ লুইস সুয়ারেজকে পেছনে ফেললেন বার্সেলোনা অধিনায়ক। লিগে মেসির গোল এখন ১৮টি, বার্সেলোনা ছেড়ে এ মৌসুমেই আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের গোল ১৬টি। লিগের সর্বশেষ সাত ম্যাচেই ১১ গোল করেছেন মেসি।

মেসির জোড়া গোলের সৌজন্যে ঘরের মাঠে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষ জিতেছে বার্সেলোনা। মেসি ছাড়াও কাল গোল করেছেন জর্দি আলবা। গত সপ্তাহে ক্যাম্প ন্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-১ গোলের হারের পর লিগের ম্যাচে কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করে রোনাল্ড কোমানের দল।

কালকের জয়ে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। শীর্ষ দল আতলেতিকো অবশ্য এক ম্যাচ কম খেলেই পেয়েছে ৫৫ পয়েন্ট। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।