রোববার সকালে নাটোরের সিংড়া উপজেলার বিষ্ণুপুর ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য জুতা পায়ে শহীদ মিনারে উঠে পুষ্পস্তবক অর্পণ করেন। জুতা পায়ে শহীদ বেদিতে ওঠার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সকালে উপজেলার বিষ্ণুপুর ইটালী মডেল হাইস্কুলে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করতে বেদিতে জুতা পায়ে ওঠেন প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, দুজন সহকারী শিক্ষক জাকির হোসেন ও মশিউর রহমান। ছবিতে জুতা পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রতিষ্ঠানের সভাপতি আবদুল আজিজ ও একই ওয়ার্ডের ইউপি সদস্য জুলফিকার আলীকে। ফুল দেওয়ার সময় জুতা পায়ে তাঁরা নিজ নিজ মুঠোফোনে ছবি তোলেন। প্রায় ১০ মিনিট এভাবে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করা হয়। পরে বিষ্ণুপুর ইটালী মডেল হাইস্কুলের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যক্তি ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে কয়েকটি ছবি ভাইরাল হয়।






