জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে আবাসিক হল খোলাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।
সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন।
শিক্ষার্থীদের অপর দুই দাবি হলো, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করা ও গেরুয়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয় প্রবেশের ফটক চিরতরে বন্ধ করে দেওয়া।
সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী মেস ও বাসাবাড়িতে ভাড়া থাকছেন। গ্রামেগঞ্জে ইন্টারনেটের সমস্যার কারণে অনলাইন ক্লাস করতে না পারা, পড়াশোনা ও টিউশনির কারণে শিক্ষার্থীরা এভাবে ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন। শুক্রবারের সংঘর্ষের ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে হল খুলে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’






