আগামী পাঁচ বছরে মেসিকে বেতন–ভাতা বাবদ বাংলাদেশি মূল্যমানে ৫ হাজার ১০৮ কোটি

চোরাগোপ্তা হামলা বুঝি একেই বলে!

বার্সেলোনা ব্যস্ত ছিল পিএসজিকে নিয়ে। মাঠে, মাঠের বাইরেও। চ্যাম্পিয়নস লিগে ফরাসি দলের সঙ্গে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতি নিয়ে গত কয়েক সপ্তাহ কাটিয়েছে তারা। ঘরের মাঠে প্রথম লেগে বার্সার ৪-১ গোলের হার বলছে, এতে খুব একটা লাভ হয়নি। আর মাঠের বাইরের ব্যস্ততা ছিল মেসিকে নিয়ে। বার্সেলোনা তারকাকে পিএসজি পেতে চায় বহুদিন ধরেই। এই জানুয়ারির পর যখনই সুযোগ পাচ্ছে, প্রকাশ্যেই মেসিকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে দলটি।

এ নিয়ে পিএসজিকে বারবার সতর্ক করেছে বার্সেলোনা। কখনো বলেছে, এখনো বড় ক্লাবের মানসিকতা হয়নি পিএসজির, তাই এমন আচরণ করছে তারা। আবার কখনো মেসির বেতনের প্রসঙ্গ তুলে বলেছে, পিএসজি আর্থিক সংগতির নিয়ম ভাঙছে, এটা জানিয়ে ফিফার কাছে বিচার দেবে তারা। মোট কথা, মেসিকে কেউ বার্সেলোনা থেকে নিলে সেটা পিএসজিই—এমনই এক ধারণা সৃষ্টি হয়েছিল।

এর মধ্যেই বোমা ফাটাল ইংলিশ মিডিয়া। কাল প্রায় সব ইংলিশ পত্রিকাই দ্য সানের বরাতে বলেছে, মেসিকে এরই মধ্যে ৪৩ কোটি পাউন্ডের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে সিটি। আগামী পাঁচ বছরে মেসিকে বেতন–ভাতা বাবদ বাংলাদেশি মূল্যমানে ৫ হাজার ১০৮ কোটি টাকা দিতে চায় তারা! যদিও ম্যানচেস্টার সিটি এমন খবরের সত্যতা অস্বীকার করছে।গত আগস্টে মেসি যখন বার্সা ছাড়তে চেয়েছিলেন, ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার উপস্থিতির কারণে তখন ইংলিশ ক্লাবটিই মেসিকে পেতে এগিয়ে আছে বলে মনে করা হচ্ছিল। মেসির বড় অঙ্কের বেতন দেওয়ার ক্ষমতাও বিশ্ব ফুটবলে ম্যান সিটি ছাড়া আর মাত্র একটি দলেরই আছে, পিএসজি। তখন পিএসজিকে খুব একটা গোনায় ধরা হচ্ছিল না। কিন্তু মেসি থেকে গেছেন বার্সেলোনায়। আর মৌসুম যত এগিয়েছে, ততই পিএসজির গুঞ্জন ভারী হয়েছে। নেইমার বলেছেন, আগামী মৌসুমে মেসির সঙ্গে এক ক্লাবে খেলতে চান। পিএসজির দুই আর্জেন্টাইন আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও মেসির সঙ্গে খেলতে ‘মন আঁকুপাঁকু’ করছে বলে জানিয়েছেন।