করোনার টিকা আমদানি করতে অগ্রিম কর দিতে হবে না। ৫ শতাংশ অগ্রিম কর মওকুফ করা হয়েছে। এটি শুধু কোভিড-১৯ টিকা নয়; মানুষের জন্য আনা সব ধরনের টিকা আনলেই আমদানি পর্যায়ে কোনো অগ্রিম কর দিতে হবে না।
১৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ফলে এখন থেকে সরকারি–বেসরকারি খাতে করোনার টিকা আমদানি করলেও আমদানি পর্যায়ে কোনো অগ্রিম কর দিতে হবে না। সাধারণত যেকোনো পণ্য আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে ৫ শতাংশ অগ্রিম কর দিতে হয়। পরে আমদানিকারক তা বার্ষিক আয়কর বিবরণীর সঙ্গে সমন্বয় করতে পারেন।
এদিকে জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে এমনিতে টিকা আনতে কোনো ভ্যাট দিতে হবে না। এমনকি আমদানি শুল্কও মওকুফ করা আছে। এর ফলে করোনার টিকা মূলত কোনো শুল্ক-কর ছাড়াই দেশে আনা যাবে।
এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার সহায়ক হিসেবে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফেসশিল্ডসহ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী আমদানিতেও কোনো শুল্ক-কর নেই। এমনকি এসব সুরক্ষাসামগ্রী বানাতে কাঁচামাল আমদানিতেও কোনো শুল্ক নেই।






