‘অরোরা ৭’ ল্যাপটপ

ল্যাপটপে সচরাচর একটি ডিসপ্লে দেখেই আমরা অভ্যস্ত। অধুনা দুই বা তিন ডিসপ্লের ল্যাপটপ বাজারে ছাড়ছে কিছু কিছু প্রতিষ্ঠান। তা-ও সীমিত। তবে এক্সপ্যানস্কেপ নামের একটি প্রতিষ্ঠান ল্যাপটপের মূল ডিসপ্লের সঙ্গে জুড়ে দিয়েছে আরও ছয়টি। হারাধনের সাতটি ডিসপ্লে নিয়ে সে ল্যাপটপ দেখতে হয়েছে বেঢপ আকৃতির। ছবিতে অবশ্য প্রোটোটাইপ দেখা যাচ্ছে, এখনো সেটি পরীক্ষামূলক পর্যায়েই আছে। আপাতত নাম দেওয়া হয়েছে ‘অরোরা ৭’।

ল্যাপটপ কম্পিউটারটি দেখতে খানিকটা জানালার মতো। যেন পাল্লাগুলো মেলে ধরা হয়েছে। ল্যাপটপের ডিসপ্লে আর কি–বোর্ডের অংশ যুক্ত করতে সাধারণত কবজা বা হিঞ্জ ব্যবহার করা হয়। এক ডিসপ্লের ল্যাপটপের হিঞ্জ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায় অহরহ। জানি না, সাত ডিসপ্লে সামলাতে কেমন হিঞ্জ ব্যবহার করা হবে।

অরোরা ৭-এর মূল ডিসপ্লে ১৭ দশমিক ৩ ইঞ্চির, ফোরকে রেজল্যুশনের। একই মাপের আরও তিনটি ডিসপ্লে যুক্ত আছে এর সঙ্গে। আর বাঁ ও ডান পাশের দুটি ডিসপ্লের ওপর একটি করে আরও দুটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে আছে। ল্যাপটপের কি–বোর্ডের সামনের দিকে হাত রাখার জায়গার পাশে আরেকটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত করা হয়েছে।

ল্যাপটপের প্রোটোটাইপ সংস্করণটির ওজন প্রায় ১১ দশমিক ৮ কেজি, ৪ দশমিক ৩ ইঞ্চি পুরু।