অসুস্থতায় একেক ফল উপকারী

প্রতিদিন টক-মিষ্টি যেকোনো একটি ফল খাওয়া স্বাস্থ্যকর। সব ফলেই পুষ্টিগুণ বিদ্যমান। একেক ধরনের অসুস্থতায় আবার একেক ফল উপকারী। অনেকেই বিদেশি ফলের প্রতি বেশি আকৃষ্ট হন। তবে মজার বিষয় হলো, বিদেশি ফলের তুলনায় দেশি ফলের পুষ্টিগুণ অনেক বেশি। দেশি ফল তুলনামূলক কম দামে কেনা যায়। জেনে নেওয়া যাক বিদেশি কোন ফলের মতো পুষ্টি দেশি কোন ফলে।

আপেল বনাম পেয়ারা

আপেলের পরিবর্তে দেশি ফল পেয়ারা বা আমড়া খেতে পারেন। প্রতি ১০০ গ্রাম আপেলে আছে ৭৬ ক্যালরি, ১৮.১ গ্রাম শর্করা ও ২০ মিলিগ্রাম ভিটামিন সি। একই পরিমাণ পেয়ারা থেকে আপনি পাবেন ৫১ ক্যালরি, শর্করা ১১.২ গ্রাম আর ভিটামিন সি ২১০ মিলিগ্রাম।

আপেলের বদলে আমড়াও খেতে পারেন। আমড়ায় আছে ৬৬ ক্যালরি, ১৫ গ্রাম শর্করা ও ৯২ মিলিগ্রাম ভিটামিন সি। জাম্বুরা থেকেও আপেলের তুলনায় ঢের বেশি ভিটামিন সি মেলে। ১০০ গ্রাম জাম্বুরা থেকে ভিটামিন সি পাবেন ১০৫ মিলিগ্রাম।

আঙুরের বদলে বরই বা আনারস

আঙুরের পরিবর্তে আনারস বা বরই খেতে পারেন অনায়াসে। হিসাব করলে দেখা যায়, আঙুরের আছে ৯৭ ক্যালরি, শর্করা ২৩.৬ গ্রাম, ভিটামিন সি ২৯ মিলিগ্রাম ও পটাশিয়াম ১৩৫ মিলিগ্রাম।

এদিকে বরইতে আছে ১০৪ ক্যালরি আর শর্করা ২৩.৮ গ্রাম। আনারসও আঙুরের বিকল্প হিসেবে খেতে পারেন। আনারসে আছে ৪২ ক্যালরি, ৯.৩ গ্রাম শর্করা ও ১৮ মিলিগ্রাম ক্যালসিয়াম আর ভিটামিন সি ২৬ মিলিগ্রাম।

মাল্টার পরিবর্তে কমলা

আমাদের দেশে এখন কমলার চাষ হচ্ছে। কমলার দামও তাই আগের চেয়ে কম। কমলাকে দেশি-বিদেশি দুই ধরনের ফলই বলা যায়। দেশে মাল্টার চাষ হলেও এখনো তা কম। এই দুটি ফলই ভিটামিন সিতে ভরপুর। একটা মাল্টায় মিলবে ৪৯ ক্যালরি আর ভিটামিন সি ৪৮.৫ মিলিগ্রাম। এদিকে একটা কমলায় আছে ৪৩ ক্যালরি আর ভিটামিন সি ৭০ মিলিগ্রাম।