সেরেনা উইলিয়ামসকে এবার অস্ট্রেলিয়ান ওপেনে অন্য রকম পোশাকে

করোনাভাইরাস ক্রীড়াঙ্গনে অনেকের প্রস্তুতিতেই বাধা সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে অনেক খেলোয়াড়ই এ নিয়ে অনুযোগ করেছেন।

কিন্তু মেলবোর্ন পার্কে সেরেনা উইলিয়ামসকে দেখে তা বোঝার উপায় আছে? তরতর করে জিতে চলেছেন অস্ট্রেলিয়ান ওপেনে সাতবারের এ চ্যাম্পিয়ন। আজ যেমন দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ান নিনা স্তোয়ানোভিচকে দাঁড়াতেই দেননি। মাত্র ৬৯ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-০ গেমে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন মার্কিন কৃষ্ণকলি।

দশম বাছাই সেরেনা উইলিয়ামসকে এবার অস্ট্রেলিয়ান ওপেনে অন্য রকম পোশাকে দেখা যাচ্ছে। বেশ ফ্যাশনসচেতন সেরেনা এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শুরু থেকে খেলছেন এক পা-ওয়ালা ক্যাটস্যুট পরে।

গাঢ় লাল-গোলাপি ও কালো রঙের ক্যাটস্যুটে এবার অস্ট্রেলিয়ান ওপেনে লড়ছেন সেরেনা। এ পোশাকে ডান পা পুরো ঢাকলেও বাঁ পা ঢাকেননি ৩৯ বছর বয়সী কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে। সেরেনাও জানিয়েছেন তাঁর এই বিশেষ ধরনের পোশাক পরার রহস্য।