দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। তাঁর আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি কেমন হবে, সেটি জানতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেছে দেশটির প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রস্তাবিত কোভিড-১৯ স্বাস্থ্যবিধিতে কোনো খুঁত খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।
করোনাকালে সবার আগে দেশের বাইরে সফরে যায় ক্যারিবীয়রা। গত জুলাইয়ে ইংল্যান্ড সফর করে জেসন হোল্ডারের দল। সবার আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও মাঠে নামায় ক্যারিবীয়রা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) বেশ সফলভাবেই আয়োজন করে তারা। এরপর বছরের শেষে নিউজিল্যান্ড সফর করে ক্যারিবীয়রা। জৈব সুরক্ষাবলয়ে থেকে কীভাবে খেলতে হয়, এত দিনে ক্যারিবীয়দের সে অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা। এবার লম্বা সময়ের জন্য বাংলাদেশে আসছে ক্যারিবীয়রা।






