পুরান ঢাকার বংশাল দেশের খুচরা ও পাইকারি সাইকেল বিক্রির অন্যতম বড় বাজার। এখানে যেমন দেশি সাইকেল পাওয়া যায়, আবার বিদেশি সাইকেলও মিলবে। সকাল থেকে রাত পর্যন্ত এই বাজারে সাইকেল বেচাকেনা চলে। বংশালের এই বাজারের সরু গলিতে ঢুকলেই সব সময়ই সাইকেলের বেলের ক্রিং ক্রিং শব্দ শোনা যায়। ইদানীং শহুরে তরুণ প্রজন্মের মধ্যে সাইকেল চালানোয় আগ্রহ বাড়ছে। মধ্যবিত্ত ঘরের বাচ্চাদের সাইকেল ছাড়া চলে না।
এই সাইকেল বেচাকেনা ও উৎপাদনেও করের হাত বসেছে। এখানে ভ্যাট প্রযোজ্য। সাইকেল ব্যবসায় উৎপাদনে ১৫ শতাংশ এবং ব্যবসা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ হয়। এই খাত থেকে ভ্যাট আদায়ে সব সময়ই নজর থাকে কর কর্মকর্তাদের।
এবার সাইকেল ব্যবসায় নজর পড়ল ভ্যাট গোয়েন্দাদের। সাইকেল তৈরি ও বেচাকেনায় ভ্যাট ফাঁকি হচ্ছে কি না, তা জানতে চান তাঁরা।






