বার্সেলোনায় থাকবে না আমার ছেলে

বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী।

প্রথম দফা বৈঠকের পর এটাই আপাত পরিস্থিতি। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়। লিওনেল মেসি-বার্সেলোনা পরিস্থিতির কোনো সুরাহা হয়নি। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কাল বহুল প্রত্যাশিত বৈঠকটি হয়েছে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের। ক্যাম্প ন্যু তে দেড় ঘণ্টার বেশি সময়ব্যাপী এ বৈঠকে কোনো সমঝোতা কিংবা সিদ্ধান্ত হয়নি। সংবাদমাধ্যম জানিয়েছে, দুই পক্ষের কথা চালাচালি চলবে। অন্যদিকে মেসির বাবাও তাঁর ছেলের দাবিতে অনড় ছিলেন। মেসিদের পক্ষের দাবি, বার্সার চুক্তির শর্ত মেনেই খেলোয়াড় এখন ফ্রি-এজেন্ট। দুই পক্ষের পরবর্তী কথা চালাচালি কবে কোথায় হবে তা এখনো নিশ্চিত হয়নি।

হোর্হে মেসি-বার্সা বৈঠকে ঠিক কী কী কথা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মেসির বাবার একটি উদ্ধৃতি প্রকাশ করেছে। বিশেষভাবে বৈঠকের তথ্য পাওয়ার কথা জানিয়েছে তারা। বার্সা সভাপতি বার্তোমেউকে মেসির বাবা নাকি চূড়ান্ত কথাটাই বলেছেন, ‘আমার ছেলে বার্সেলোনায় থাকবে না।’ স্থানীয় সময় বুধবার সন্ধ্যার কিছু আগে মেসির পক্ষে আলোচনায় বসেন তার বাবা হোর্হে মেসি। তার সঙ্গে ছিলেন মেসির ভাই ও পরামর্শক রদ্রিগো মেসি। মেসির বাবা ও ভাইয়ের সঙ্গে তাদের এক আইনজীবীও বৈঠকে উপস্থিত ছিলেন।