টানা পাঁচ মাস মঞ্চের সঙ্গে যোগাযোগ নেই থিয়েটারকর্মীদের। দেশের অন্যান্য বিনোদন অঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে কাজ। খুলেছে হোটেল, রেস্তোরাঁ ও মার্কেট। থিয়েটারকর্মীদের অনেকেই এখন নিরাপত্তা মেনে মঞ্চে ফিরতে আগ্রহী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে হচ্ছে লেখালেখিও।
প্রাঙ্গণেমোর নাট্যদলের নাট্যকার, অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা ১৩ আগস্ট ফেসবুকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য মঞ্চ খুলে দেওয়া নিয়ে তিনটি প্রস্তাব দেন। সেগুলো হলো—সারা দেশের শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া, বিশেষ প্রণোদনা হিসেবে হলভাড়া মওকুফ করা এবং প্রথম তিন মাস শুধু শুক্র, শনিবারসহ বন্ধের দিনগুলোতে পরীক্ষামূলকভাবে মিলনায়তন বরাদ্দ দেওয়া।






