পাওলো দিবালা চোটে, হালকা চোট আছে আনহেল দি মারিয়ারও। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে এঁরা থাকবেন তো-এমন একটা প্রশ্ন কিছুদিন ধরেই বিশ্ব ফুটবলের আকাশে ভাসছে। অবশেষে সব প্রশ্নের অবসান হলো। বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ টুইটারে আর্জেন্টিনা জাতীয় দলের হ্যান্ডলে কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন তিনি।
স্কালোনির দলে বলতে গেলে কোনো চমকই নেই। শঙ্কা ছিল জুভেন্টাসের ফরোয়ার্ড দি মারিয়া আর রোমার দিবালাকে নিয়ে। দুজনই কয়েকদিন আগে চোটে পড়েছেন। দি মারিয়ার চোট অতটা গুরুতর ছিল না, তবে রোমার হয়ে পেনাল্টি নিতে গিয়ে পাওয়া দিবালার হ্যামস্ট্রিংয়ের চোটটা গুরুতরই ছিল। দিবালা চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন রোমার কোচ জোসে মরিনিও।






